দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বেলাল হোসেন (৩৬) নামে কাতার প্রবাসী এক বাংলাদেশি নাগরিকের হাতকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া সীমান্তের মীরপুর জলেশ্বরী এলাকার ৩০১ মেইন পিলারের ১৪ সাব-পিলারের বাংলাদেশ অভ্যন্তর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলাল হোসেন ফুলবাড়ী উপজেলার মীরপুর জলেশ্বরী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি চার বছর ধরে কাতারে ছিলেন। দেড় মাস আগে কাতার থেকে বাংলাদেশে আসেন।
পুলিশ জানায়, অজ্ঞাত কারণে বাড়ি থেকে বের হন বেলাল। রাতের কোনো একসময় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার বাম হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। তার বড় ভাই খলিলুর রহমান বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয় বেলাল। এরপর আর ফেরেনি। আজ (বৃহস্পতিবার) ভোরে জানতে পারি জলেশ্বরী সীমান্ত এলাকায় তার লাশ পড়ে আছে।’
