সবাইকে নৌকায় তোলার দরকার নেই : তথ্যমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০২:৫১ এএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা যেহেতু পরপর তিনবার রাষ্ট্রক্ষমতায় এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। নৌকায় বেশি মানুষ উঠলে নৌকা ডুবে যায়। আমাদের এত বেশি মানুষ দরকার নেই। সবাইকে তোলার দরকার নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘২১ বছর আমরা রাষ্ট্রক্ষমতায় ছিলাম না। তখন যারা বুকে পাথর দিয়ে সংগঠন করেছেন, সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে দল করেছেন, তারাই নেতৃত্বের হাল ধরবেন। যারা ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য নতুন করে আওয়ামী লীগে প্রবেশ করেছেন তাদেরকে কোনোভাবেই নেতৃত্বের আসনে বসাতে পারি না।’

দীর্ঘ ছয় বছর পর জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হলো। সম্মেলনে দলের সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে নতুন সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।

এর আগে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি বক্তব্য দেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর পরিচালনায় ত্রিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সিদ্ধান্তে কাউন্সিলরদের সম্মতিতে তিন বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি পাঠানোর নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত