কিশোর পরশ আহমেদ। মৌলভীবাজারের কমলগঞ্জের এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। উপজেলার আদমপুর ইউপির জালালপুর গ্রামের জহির মিয়ার ছেলে সে। গত বৃহস্পতিবার রাতে তার মোবাইল ফোন নাম্বারে ভুলবশত রংপুর থেকে বিকাশে চলে আসে ১৯ হাজার ৩৩৩ টাকা। টাকা পেয়ে পরশ অবাক হয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় বিকাশ এজেন্টকে বিষয়টি অবহিত করে রাতেই সেই টাকা রংপুরে ফেরত পাঠায়।
আদমপুরের নইনারপার এলাকার বিকাশ এজেন্ট স্টুডেন্ট লাইব্রেরি সূত্রে জানা যায়, রংপুরের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে পরশ আহমেদের মোবাইল ফোনে ১৯ হাজার ৩৩৩ টাকা চলে আসে। বিষয়টি সে তার পরিচিতজন, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে এই এজেন্টের মাধ্যমে রাতেই আবার সঠিক নাম্বারে রংপুরে টাকা ফেরত পাঠিয়েছে।
টাকা ফেরত পেয়ে মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্তি করে রংপুরের ওবায়দুল হক বলেন, পরশের সততায় আমি মুগ্ধ। আজকাল মোবাইলে ভুলক্রমে ১০০ টাকা রিচার্জ হলেও অধিকাংশ ক্ষেত্রে অনুরোধ করেও সেই টাকা ফেরত আসে না। সেখানে একজন ছাত্র বিকাশের ১৯ হাজার ৩৩৩ টাকা ফেরত পাঠিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছে।
