নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক কারবারি স্বামী পিয়াস হোসেনকে (২৮) পুলিশে দিয়েছে এক গৃহবধূ। গত বৃহস্পতিবার হেল্প লাইন ‘৯৯৯’-এ ফোন করে স্বামীকে পুলিশে দেন তিনি। এ সময় তার ঘরে পুঁতে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এক এসআই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মাদক কারবারি পিয়াস দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে বিভিন্ন অজুহাতে মারধর করত। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’-এ কল করে স্বামীর মাদক কারবারের বিষয়টি জানান ওই গৃহবধূ। পরে আড়াইহাজার থানা পুুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক পুলিশ অভিযান চালায়। এ সময় পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পিয়াসের বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
