আজ ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৯তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা তীরের রেহায়চরে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। ওই যুদ্ধে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার ধ্বংস করে সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় শত্রুবাহিনীর একটি গুলি এসে লাগে তার কপালে। সেখানেই তিনি শাহাদাতবরণ করেন। মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাত বরণের পর আর কোনো যুদ্ধ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
এদিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রেহাইচরে শাহাদতস্থলে পতকা উত্তোলন ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও দোয়া করা হবে। এছাড়াও সোনামসজিদ প্রাঙ্গণে সমাধিস্থলের কাছে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ।
