শিক্ষার্থী নাইমুলের মৃত্যু

মতিউর রহমানের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০২:১৭ এএম

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের  মৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলার বিচারিক কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলা বাতিলের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন  জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সাইফুদ্দিন খালেদ। ডিএজি সাইফুদ্দিন খালেদ দেশ রূপান্তরকে জানান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।

গত বছরের ১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে ‘কিশোর আলো’র একটি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে হয় নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। এরপর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর ঘটনায় আবরারের বাবা মো. মুজিবুর রহমান ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় দ-বিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়। তদন্ত শেষে গত ১৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

এ মামলায় গত ১২ নভেম্বর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ। একই সঙ্গে ১৪ ডিসেম্বর (আজ) সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করে আদালত। মতিউর রহমান ছাড়াও মামলার অন্য অভিযুক্তরা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, পত্রিকাটির হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও শুভাশীষ প্রামাণিকসহ জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার। এ মামলার অভিযোগপত্রভুক্ত প্রথম আলোর সহযোগী সম্পাদক ও পত্রিকাটির কিশোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত