দুর্দান্ত সব গান নিয়ে নব্বইয়ের দশক জুড়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন লাকি আলী। সাম্প্রতিক বছরগুলোতে গানের জগৎ থেকে দূরেই ছিলেন তিনি।
চলতি সপ্তাহে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এ জনপ্রিয় গায়কের ভিডিও। যেখানে গিটার নিয়ে ভাঙা গলায় ‘ও সনম’ গাইতে দেখা যায় লাকি আলীকে।
মুখভর্তি সাদা দাড়ি, পুরোপুরি ডুবে ছিলেন গানে। এ ভিডিও দেখে অনেকেরই চোখে পানি চলে আসে। গোয়ার একটি পার্কে লাকির সুরের মূর্ছনায় বুঁদ হয়েছিলেন শ্রোতারা।
লাকি আলীর ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী নাফিসা আলী। তিনি বর্তমানে গোয়ারই বাসিন্দা।
অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে গিটার হাতে ‘ও সনম’ গাইতে দেখা গেল লাকি আলীকে, তার সঙ্গে বাঁশি ও তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে যোগ্য সঙ্গত করলেন কয়েকজন সংগীতশিল্পী। ভিডিও ভাইরাল হতেই বোঝা গেল, এত বছর পরেও জনপ্রিয়তা কমেনি লাকির।
১৯৯০ সালে প্রকাশ হয় লাকির ডেবিউ অ্যালবাম ‘সুনোহ’। ‘ও সনম’ গানটি ওই অ্যালবাম থেকে নেওয়া। অ্যালবামটির জন্যই সেরা পপ গায়ক থেকে শুরু করে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।
পরবর্তীকালে ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার ‘না তুম জানো না হাম’, ‘আনজানা আনজানি’র ‘হইরত’সহ অনেক ছবিতে গান করেছেন তিনি। একক অ্যালবামগুলো পায় তুমুল জনপ্রিয়তা। অভিনয় করেছেন ‘সুর’-এর মতো জনপ্রিয় সিনেমায়।
