চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইস্পাত ও চিকিৎসা পণ্যসামগ্রী উৎপাদনে ২ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার বা ২৪৩ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা বিনিয়োগকারী সিসিইসিসি ও জিহং মেডিকেল। শিল্পাঞ্চলে এ দুই প্রতিষ্ঠানকে ১৮ একর জমি দিতে গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ইজারা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
চীনের প্রতিষ্ঠান সিসিইসিসি বঙ্গবন্ধু শিল্পনগরে রপ্তানিমুখী স্টিল স্ট্রাকচার ও রেডিমিক্স কংক্রিট শিল্প নির্মাণ করবে। ১০ একর জমিতে প্রতিষ্ঠানটি ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার মাধ্যমে প্রায় ৩৫০ জন লোকের কর্মসংস্থান হবে। অপরদিকে জিহং মেডিকেলকে ৮ একর জমি বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। জিহং মেডিকেল পিপিই, আইসোলেশন গাউন, স্ক্রাব স্যুট, ল্যাব জ্যাকেট, সু কাভার ইত্যাদি উৎপাদন করবে। এতে কর্মসংস্থান হবে প্রায় দেড় হাজার জনের। প্রতিষ্ঠান দুটি ওই জমিতে লজিস্টিকস, নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনাসহ সব আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ‘পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা’ গ্রহণ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারি এবং সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমাদ কায়কাউস বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর হবে আগামী বাংলাদেশের বিনিয়োগের স্বপ্নের ঠিকানা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ করোনাকালেও দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসছে এবং এতে প্রতীয়মান হয় বর্তমান সরকার বিনিয়োগবান্ধব সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, বেজাকে একটি কার্যকর সরকারি প্রতিষ্ঠান করতে জনবল বৃদ্ধিসহ নানাবিধ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয় সহযোগিতা করছে। সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের হাত ধরে বাংলাদেশ বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং বিশে^র কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে। তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এসব সেবার জন্য সামান্য যে ফি দিতে হয়, তা এখন থেকে বিকাশের মাধ্যমে মোবাইলে প্রদান করতে পারবে।
