শাহজালালে আবারও ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০২:০৯ এএম

মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাটি খননের সময় সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান পান শ্রমিকরা। প্রায় ১০ ফুট মাটির নিচ থেকে এই জেনারেল পারপাস (জিপি) বোমাটি পাওয়া যায়। পরে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করতে সতর্কতার সঙ্গে বিমানবাহিনীর রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

এর আগে ৯ ডিসেম্বর একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরদিন দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে সেটি ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বোমা বিশেষজ্ঞদের ধারণা, বোমাটি মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা দেশ রূপান্তরকে জানান, গতকাল সকালের শিফটের শ্রমিক ও প্রকৌশলীরা যথারীতি সাইটে এসে কাজ শুরু করেন। বিশাল প্রকল্প এলাকার মাঝামাঝি অংশে কর্মব্যস্ত শ্রমিকরা পাইলিংয়ের জন্য মাটি খনন শুরু করতেই চোখে পড়ে বিশালাকার স্টিলের একটি সিলিন্ডার। এতে শ্রমিকরা কিছুটা সতর্ক হয়ে অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের ডেকে আনেন। তারা এটাকে বিপজ্জনক বোমা হিসেবে সন্দেহ করে খবর পাঠান বিমানবন্দরের দায়িত্বশীল মহলে। খবর পেয়ে ছুটে আসেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান, এভসেক পরিচালক উইং কমান্ডার সৈয়দ আলী আজমসহ অন্য নিরাপত্তাকর্মীরা। তারা ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তথ্য সম্পর্কে অবহিত হওয়ার পর বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন। বিমানবাহিনীর বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন এটি বোমা। প্রাথমিকভাবে তারা সেটি নিষ্ক্রিয় করেন। উদ্ধারকারী দলের একজন সদস্য জানান, ধারণা করা হচ্ছে দুটি বোমাই ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। সাধারণত এ ধরনের বোমা দুটো একত্রে ফেলা হয়। দুটো বোমাই বিস্ফোরিত হয়নি বলে চাপা পড়েছিল।

জানা গেছে, উদ্ধার করা দুটি বোমাই তাজা ছিল। শ্রমিকরা আগে থেকেই সতর্ক থাকায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। বোমা বিশেষজ্ঞরা বলছেন, খননের সময় এতে বড় ধরনের আঘাত লাগলে দুর্ঘটনার যথেষ্ট আশঙ্কা ছিল। বোমাটিতে মরীচিকা থাকায় বোঝার উপায় ছিল না এটি কোন দেশের তৈরি।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সকাল ৮টা ৩৫ মিনিটে আনুমানিক ১০ ফুট মাটির নিচ থেকে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বম্ব ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে সেটি ধ্বংস করতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত