একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ৬১ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত সোমবার গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে মোট ৪০০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগেই জানিয়েছিলেন, ৪০০ থেকে ৫০০ জন বীরাঙ্গনার তালিকা নিয়ে কাজ করছেন তারা। পর্যায়ক্রমে সবাইকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে। স্বাধীনতার পর প্রথম ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান।
