মাদারীপুরে দুর্ঘটনায় ২ জন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৪:২২ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের ভাঙ্গাব্রীজ এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা ১০টার দিকে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখলে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ এসে রাস্তার ওপর থেকে গাছে গুঁড়ি ও স্থানীয়দের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।  

স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পান্তাপাড়া ও ভাঙ্গাব্রীজের মাঝামাঝি স্থানে বুধবার দিবাগত রাত ১০টার দিকে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া গ্রামের লিটন হাওলাদারের স্কুল পড়–পড়ুয়া ১০ম শ্রেণির ছাত্র সোহান হাওলাদার (১৬) ঘটনাস্থলেই নিহত হয়। আর মারাত্মকভাবে আহত হন একই গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে আব্দুর রহমান ও মফেজ হাওলাদারের ছেলে সুমন।

পরে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রহমান মারা যায়। এ নিহতের ঘটনা এলাকাবাসী শোনার পর ঘটনাস্থলে দুই ঘণ্টাব্যাপী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এতে করে রাস্তায় গাড়ি চলা-চল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে আহত সুমন হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, বুধবার রাতে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন মারা যাওয়ার ঘটনায় সকালে স্থানীয়রা লাশ দুটির ময়নাতদন্ত না করার জন্য মহাসড়ক অবরোধ করে রাখে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ও গাছের গুঁড়ি সরিয়ে রাস্তা যান চলাচলের জন্য উপযুক্ত করে দেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত