বীর মুক্তিযোদ্ধা চলেন অন্যের কাঁধে ভর করে

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর জমাদ্দার। ১৯৭১ সালে রাইফেল কাঁধে নিয়ে জয় বাংলা স্লোগানে গর্জে উঠে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে সম্মুখযুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন বাংলাদেশে উড়িয়েছিলেন লাল-সবুজের পতাকা।

সেই তরতাজা তরুণ আজ বয়সের ভারে বৃদ্ধ। শরীরজুড়ে ভর করেছে রোগশোক। এখন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। কাঁধে রাইফেলের পরিবর্তে এখন অন্যের হাত। পরের কাঁধে ভর করে এখন চলতে হয় তাকে। আর্থিক অনটনে সঠিকভাবে চিকিৎসাও করাতে পারছেন না।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরের বয়স ৭৩ বছরের একটু বেশি। এই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, চার ছেলে ও দুটি মেয়ে রয়েছে। দুই ছেলে বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এক মেয়ের বিয়ে দিয়েছেন।

এই পরিবারটির সম্বল মাত্র ৯ শতক বসতভিটা। ওই ভিটায় দুটি টিনের ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে শুকুর জমাদ্দার বসবাস করেন। ছোট ছেলে এখনো পড়ালেখা করছে। সেজ ছেলে শাহীন জমাদ্দারের শারীরিক প্রতিবন্ধকতা আছে। 

ছেলে শাহীন জমাদ্দার বলেন, সরকারের দেওয়া ১২ হাজার ভাতার টাকা দিয়েই আমাদের সংসারের খরচ চালাতে হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরের স্ত্রী শিরিনা বেগম বলেন, আমি ও স্বামী দুজনেই অসুস্থ। মাঝেমধ্যেই চিকিৎসার জন্য যশোর ও খুলনায় যেতে হয়। চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা ভাতা থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছি। তাই ভাতার টাকা থেকে ঋণের টাকা কেটে নিচ্ছে। বর্তমানে খুবই কষ্টে ছেলেমেয়ে নিয়ে দিন কাটাতে হচ্ছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। সহযোদ্ধা আব্দুস শুকুরের উন্নত চিকিৎসার দাবি জানাই। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য বিশেষ অনুদানের পাশাপাশি স্থানীয়ভাবে সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত