লক্ষ্মীপুরের সদর উপজেলায় ডাকাতের হামলায় মনির হোসেন (৩৫) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী মিনোয়ারা বেগম (২৮) গুরুতর আহত হন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
মনির হোসেন ওই গ্রামের অলি উল্যাহর ছেলে এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ছিলেন।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আন্দারমানিক গ্রামে মনির হোসেনের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ৮-১০ জনের ডাকাতদল হানা দেয়। প্রথমে তারা পাকা বসতঘরের ছাদে ওঠে। সেখান থেকে বাড়ির ভেতরে গিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে বেঁধে রাখে। এ সময় বাধা দিলে ডাকাতরা মনির হোসেন ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এক পর্যায়ে ডাকাতরা মনিরের ঘর থেকে নগদ দুই লাখ টাকা ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।
পরে আহতদের চিৎকারে প্রতিবেশীরা এসে মনির হোসেন ও মিনোয়ারাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল নেন। সেখানে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন মারা যান। আর মিনোয়ারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল বলেন, ‘মনির হোসেন দলীয় দায়িত্বের পাশাপাশি ইটভাটার মাটির ব্যবসা করতেন। দুদিন আগে দুই লাখ টাকা বাসায় রাখেন। টাকার জন্য এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।’
সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, মনির হোসেন হত্যাকাণ্ডে পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
