তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এখন বাবা-মা তাদের প্রতিবন্ধী সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী করার কথা ভাবেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিশেষ উদ্যোগেই আজ প্রতিবন্ধীদের জন্য দেশে নানা কার্যক্রম গৃহীত হয়েছে। বিভিন্ন খাতে তারা ভাতা পাচ্ছেন, বিভিন্ন বিষয়ে পুরস্কার পাচ্ছেন, অন্ধকার থেকে আলোতে আসছেন।’ গতকাল শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষি, প্রতিবন্ধীতা ও করোনার প্রভাব বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠান দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ, ইকো কো-অপারেশন, নরেক এবং বাংলাদেশ কৃষক লীগ পরিচালিত দুটি গবেষণার ফল উপস্থাপন ও কৃষি সাংবাদিকতায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‘বাংলাদেশ বেতার’ মোবাইল অ্যাপ উদ্বোধন : ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করা বাংলাদেশ বেতারের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘বাংলাদেশ বেতার’ অ্যাপ উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর ফলে এই সংস্থাটির সব সম্প্রচার এখন সারা বিশ্বে মোবাইলে শোনা যাবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়।
