গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। গতকাল শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন মোহাম্মদ শামীম আখতার। এরপর তিনি সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু, গণপূর্ত ই/এম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান, গণপূর্ত ই/এম পিঅ্যান্ডডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশ্রাফুল হক, বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. মঈনুল ইসলাম খান, গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ।
