৬ নদীর পানিবণ্টন নিয়ে জেআরসির বৈঠক জানুয়ারিতে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০২:১০ এএম

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় এবার দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যরা ৬টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে আলোচনায় বসছেন। আগামী ৫ ও ৬ জানুয়ারি বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে জেআরসির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী নদীগুলো নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। আমরা ওই নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করেছি। এখন তারা সেগুলো পর্যালোচনা করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই পক্ষের ২০১১ সালের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে তিস্তা চুক্তি সইয়ের ওপর জোর দেন। ভারতের প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের আন্তরিক প্রতিশ্রুতি এবং তার সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া দুই শীর্ষ নেতা ছয় অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে দুই নেতা শিগগিরই যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক আয়োজনে সম্মত হন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দেশের পক্ষ থেকে এ ছয় নদীর বিষয়ে আলাদা কারিগরি কমিটিও করা হয়েছে। এসব কমিটি অন্তর্বর্তীকালীন চুক্তির প্রক্রিয়া এবং নদীর প্রবাহের জন্য নির্দিষ্ট অনুপাতে পানি রেখে বাকিটা কী হারে ভাগাভাগি হতে পারে সে বিষয়ে সুপারিশ করবে। বিষয়গুলোতে কারিগরি জটিলতা রয়েছে। ফলে এতে সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে যৌথ নদী কমিশনের কর্মকর্তারা বলছেন, ৫ ও ৬ জানুয়ারি দুই দেশের জেআরসির বৈঠকটি হবে দুই ভাগে। একটি অংশে আলোচনা হবে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। অন্য অংশে আলোচনা হবে দুই দেশের অভিন্ন নদীর বিভিন্ন বিষয় নিয়ে। ওই আলোচনায় ছয় নদীর প্রসঙ্গটি আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত