শীর্ষস্থানীয় একজন সাইবার গবেষক ফেইসবুকের এমন একটি ত্রুটি শনাক্ত করেছেন, যার কারণে তাদের মালিকানাধীন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ইমেইল এবং জন্মতারিখ বেহাত হয়েছে।
ইনস্টাগ্রামে সাইনআপ করলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, ইমেইল ঠিকানা এবং জন্মতারিখ সুরক্ষিত। কিন্তু ওই ত্রুটি থাকার সময় সুরক্ষিত থাকেনি।
নিরাপত্তা গবেষক সাওগাত পোখারেল দেখেছেন, কয়েকটি বিজনেস অ্যাকাউন্টে ফেইসবুক একটি পরীক্ষামূলক ফিচারের অ্যাকসেস দেয়ায় এই ত্রুটি শুরু হয়।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ফেইসবুকের বিজনেস সুইট টুলের এই ত্রুটি কাজে লাগিয়েছে হ্যাকাররা।
ফেইসবুককে ত্রুটির বিষয়টি জানানোর পর এটি দ্রুত সারিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।
বিজনেস অ্যাকাউন্টটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে ত্রুটির কারণে এর থেকে ডিরেক্ট মেসেজে বার্তাও হাতিয়ে নেওয়ার সুযোগ ছিল হ্যাকারের জন্য।
গবেষণায় পোখারেলে দেখেছেন, অ্যাকাউন্টগুলো প্রাইভেট করা এবং যেগুলো পাবলিক থেকে ডিরেক্ট মেসেজ গ্রহণ করে না সেগুলোতে এই ত্রুটি কাজে লাগানো সম্ভব।
আগস্ট মাসে অভিজ্ঞ এই নিরাপত্তা গবেষকই বের করেছিলেন, ইনস্টাগ্রাম আসলেই মুছে ফেলা পোস্টগুলো সরিয়ে ফেলছে না।
