যুক্তরাষ্ট্রে ৯০ হাজার কোটি ডলারের তহবিল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১২:২৫ এএম

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসা ও ব্যক্তিদের সহায়তায় ৯০ হাজার কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ চূড়ান্তের চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। গত রবিবার সিনেটের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত যেসব আমেরিকান দীর্ঘদিন থেকেই সহায়তার অপেক্ষায় ছিলেন তাদের সহায়তার জন্যই এই প্যাকেজ।

শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়েছেন, কংগ্রেসে পাস করতে বিলটির ওপর ভোটাভুটি হওয়া উচিত। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বিরোধে কয়েক মাস ধরেই আটকে ছিল অর্থনৈতিক সহায়তার নতুন এই প্যাকেজটি। উভয় দলই পরস্পরের বিরুদ্ধে অবিশ্বাসের অভিযোগ তুলে আসছিল। তবে চুক্তিতে পৌঁছানোর পর সেই জটিলতার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

সহায়তা প্যাকেজে কর্মহীন নাগরিকদের প্রতি সপ্তাহে ৩০০ ডলার সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ছোট ব্যবসাগুলোকে সহায়তার জন্য শত শত কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ভাড়া সহায়তার জন্য রয়েছে আড়াই হাজার কোটি ডলার। ভ্যাকসিন এবং এই সংক্রান্ত অন্যান্য সামগ্রী কেনায় সহায়তা দেওয়ার বিষয়টিও বিলটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

ওই বিলটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রণোদনা প্যাকেজ। গত মার্চে কেয়ার অ্যাক্টের অধীনে ২ লাখ ২০ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত