আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেছেন, ‘২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে স্থাপন হবে দৃষ্টান্ত।’
গতকাল বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বাসভবনে তার সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় জাপানের রাষ্ট্রদূত এ আশাবাদ ব্যক্ত করেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ী প্রকল্প, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ী হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্রবন্দর যোগাযোগে পাবে নতুন মাত্রা। এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।
