কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেল শ্রমিকের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১০:১১ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে বালি ভর্তি ট্রাক চাপায় হানিফ (৩৪) নামে এক চালকল শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার আল্লারদর্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিক হানিফ স্থানীয় মসলেমপুর গ্রামের বাসিন্দা বজলুর রহমানের ছেলে ও বায়েজিদ এগ্রো ফুডের অটো রাইস মিলের শ্রমিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, বৃহস্পতিবার সকালে চালকল শ্রমিক হানিফ বাড়ি থেকে বেরিয়ে সাইকেলযোগে আল্লারদর্গা তার কর্মস্থলে যাচ্ছিলেন; এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বালি ভর্তি একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যাওয়া চালককে আটক করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত