দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের পুরান কমিটিকে বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান স্বা ক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ছাত্রলীগ নেতা রাকেশ গুহকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আসাদুজ্জামান সুমন, লিটন ইসলাম লিটু, মোস্তাওফিক আহমেদ শামীম, আবু নাসের সরকার, আবু হেনা, মাহবুব হোসেন সুমন, ও জারিফ খান জিওনকে।
কয়েক বছর পর খানসামা উপজেলায় ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে উপজেলার কর্মীরাও।
রাকেশ গুহ বলেন, ‘আমরা রাজপথে থেকে রাজনীতি করে এসেছি। ছাত্রলীগের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি। দলের জন্য, দলীয় যেকোনো মিছিল মিটিংয়ে সবসময় সরব থেকেছি। নতুন কমিটিতে আমাকে আহ্বায়ক করায় আমি আনন্দিত। আমাকে যারা নির্বাচিত করেছেন সে সব নেতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি খানসামা উপজেলায় ছাত্রলীগের নতুন দিগন্ত ফিরিয়ে আনব। ছাত্রলীগ হবে মানুষের ভরসার আশ্রয়স্থল। সেভাবেই ছোট-বড় সবাইকে নিয়ে কাজ করে যেতে চাই’।
