নতুন বৈশিষ্ট্যের সন্ধান

যুক্তরাজ্যের করোনার ধরনের সঙ্গে মিল নেই নাইজেরিয়ার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০১:৫৪ এএম

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনভাইরাসের নতুন ধরন পাওয়া যাওয়ার পর নাইজেরিয়ায় করোনার আরেকটি নতুন ধরন পাওয়া গেছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রধান জন এনকেনগ্যাসং গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার থেকে এ ধরনটি ভিন্ন।’ তিনি জানান, নাইজেরিয়ার সিডিসি এবং সে দেশে অবস্থিত আফ্রিকার সংক্রামক ব্যাধিবিষয়ক জিন গবেষণা কেন্দ্র আরও নমুনা পরীক্ষা করে দেখবে।

যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার মধ্যেই নাইজেরিয়ার এই ধরনটি পাওয়া যাওয়ায় মহামারী পরিস্থিতিতে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের ওপর ইতিমধ্যে অনেকগুলো দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এনকেনগ্যাসং বলেন, ‘আমাদের একটু সময় দিনৃএটা এখনো বেশ শুরুর দিকে রয়েছে। নতুন ধরনটির ভিত্তি দুটি বা তিনটি জেনেটিক ক্রম।’

একটি চলমান গবেষণার উদ্ধৃতি দিয়ে একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, গত ৯ অক্টোবর নাইজেরিয়ার ওসুন অঙ্গরাজ্যে নতুন ধরনটি দুজন রোগীর দেহে শনাক্ত হয়। গবেষণায় বলা হয়, ‘যুক্তরাজ্যের মতো এ ধরনটিও দ্রুত ছড়ায় এমন কোনো প্রমাণ আমরা পাইনি। নাইজেরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণে পি৬৮১এইচ ধরনটি ভূমিকা রাখছে এমন প্রমাণও আমাদের কাছে নেই। তবে জিনগত পর্যবেক্ষণের ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে নাইজেরিয়ার পার্থক্য রয়েছে। তাই এ ধরনের পরিবর্তন শনাক্ত করতে নাইজেরিয়া কম সক্ষম হতে পারে।’

নাইজেরিয়ায় গত সপ্তাহে সংক্রমণ ৫২ শতাংশ ও দক্ষিণ আফ্রিকায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনটি সেখানে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত