ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার নারী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:০৬ এএম

মানিকগঞ্জ সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে এক নারী (৪৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভাড়ারিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। নির্যাতিতার দাবি, গত ১৪ ডিসেম্বর রাতে পারিবারিক বিরোধের বিচার চাইতে গেলে নিজ বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করেন চেয়ারম্যান কাদের।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন সামান্য বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় ভাড়ারিয়া ইউপি কার্যালয়ে থাকা চেয়ারম্যান কাদেরের কাছে যান ওই নারী। এরপর স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান তিনি।  কিন্তু তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন চেয়ারম্যান। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রীও তার বাবার বাড়ি ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। চেয়ারম্যানকে ভাই, দাদা ও বাবা ডেকেও রক্ষা পাননি তিনি। কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থা, গুচ্ছগ্রামে বাড়ি ও কাজ দেওয়ার প্রলোভন দেখান। পরদিন তাকে ৫০০ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন তিনি। 

মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান জানান, এ ঘটনায় চেয়ারম্যানকে আসামি করে একটি মামলা করেন ওই ভুক্তভোগী নারী। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত