পাঁচ দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের মানববন্ধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:০৪ এএম

বেতন গ্রেড পরিবর্তন ও চাকরিতে পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

খাগড়াছড়ি : পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ খাগড়াছড়ি শাখা। গতকাল দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পরিষদের খাগড়াছড়ি শাখার আহ্বায়ক নিহার বিন্দু চাকমা ও সদস্য সচিব উদয়ন চাকমাসহ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা : বেতন গ্রেড পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখা। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলা কমিটির সভাপতি দীপক কুমার পাল, বাংলা একাডেমির বিশিষ্ট কথাসাহিত্যিক গাজী আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ইউএনওর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কুমিল্লা : দাউদকান্দিতে চাকরিতে পদোন্নতি ও বেতন গ্রেড পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক আদিলুজ্জামান, সদস্য সচিব মিজানুর রহমানসহ সংগঠনের সব সদস্য উপস্থিত ছিলেন। আহ্বায়ক আদিলুজ্জামান বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়।’

মৌলভীবাজার : কমলগঞ্জে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গতকাল দুপুরে চৌমুহনীর ময়না চত্বরে এ মানববন্ধন হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা। মানববন্ধনে পরিষদের উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর কবির, সহসভাপতি কামিনী সিংহ, সাধারণ সম্পাদক মো. জহির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মাগুরা : মহম্মদপুরে গ্রেড ও পদোন্নতিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারীরা। গতকাল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কাছে স্মারকলিপি প্রদান করেন পরিষদের নেতাকর্মীরা। মানববন্ধনে পরিষদের মহম্মদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সচিব মুরাদ হোসেন ও তরুণ কুমার গুহ প্রমুখ উপস্থিত ছিলেন। পাঁচ দফা দাবিগুলো হলো ১১তম গ্রেডে বেতন প্রদান, পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি-২০১২-এর দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে সদস্য রাখার ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা, পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থা ও সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত