ভালো আছেন অপি করিম ও তার মেয়ে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:২০ এএম

কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। গত সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন এই তারকা। খবরটি নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম। তিনি জানান, ‘গত রবিবার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে।’ নাতনি হওয়ার খবরে ভীষণ আনন্দিত অপির মা। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। নির্ঝর দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা খুব খুশি। সন্তান নিয়ে অনুভূতি খুশি আর কী হতে পারে? মা এবং মেয়ে দুজনই সুস্থ আছে। কী নাম রাখব তা এখনো নির্ধারিত হয়নি। যারা আমাদের শুভকামনা জানিয়েছেন, খোঁজখবর নিচ্ছেন সবাইকে ধন্যবাদ। সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, এই তারকা দম্পতি স্থপতি হিসেবেও সুপরিচিত। দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তবে নির্ঝর এখন শোবিজে সেভাবে কাজ করছেন না। কিন্তু অপি করিম বিশেষ দিবসের নাটকে অভিনয় করছেন। এ বছর তার অভিনীত ‘ভিকটিম’ নাটকটি দারুণ প্রশংসিত হয়। এ ছাড়া লকডাউন শেষে তাকে একটি ইন্টেরিয়র ডিজাইনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের শোতে দেখা যায় একজন তারকা স্থপতি হিসেবে। এদিকে সম্প্রতি ইতালির রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম  ফেস্টিভালের বেস্ট ফিচার ফিল্ম জুরি পুরস্কার জিতেছে অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত