ফেনীতে ২৭ লাখ টাকা লুটের ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৩:২৭ পিএম

ফেনীতে ইসলামী ব্যাংক এজেন্টের ২৭ লাখ ৬১ হাজার ৫শ টাকা লুটে নেওয়ার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার  করেছে গোয়েন্দা পুলিশ। আরও ৬ জনকে নজরদারিতে রাখা হয়েছে।

বুধবার সকালে জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী (পিপিএম) তার অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার পঞ্চকরালিয়া গ্রামের ময়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন (৩৮), বগুড়া পৌরসভার জেলাদার পাড়ার ইব্রাহিম আকন্দের ছেলে মো. সবুজ মিয়া (৫০) ও পাবনা জেলার চাটমোহর উপজেলার চৌরইকুল গ্রামের মো. ইমরান নাজির (৩৫)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ইসলামী ব্যাংক এজেন্ট মো. আবু জাফর শাহীন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ২৭ লাখ ৬১ হাজার ৫শ টাকা তুলে সোনাগাজীর কুটিরহাটে যাচ্ছিলেন।

বিকেল ৩টার দিকে একদল যুবক একটি প্রাইভেট কারযোগে এসে দাগনভূঞার বেকেরবাজারে শাহীনের পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে টাকা লুটে নিয়ে তারা শাহীনকে কুমিল্লার দয়াপুরে নিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ওইদিনই দাগনভূঞা থানায় মামলা করেন শাহীন। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার, ৫০ হাজার টাকা ও ঘটনায় ব্যাবহার হওয়া গাড়ি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ওই ঘটনায় ৯ জন জড়িত ছিল বলে জানিয়েছে। আরও ৬ জনকে নজরদারিতে রেখে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তিনি বলেন, এরা আন্তঃজেলা ডাকাত দলেরও সক্রিয় সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত