করোনা নিয়ে সিডিসির জরিপ

উহানে হিসাবের চেয়ে ১০ গুণ আক্রান্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৪:৩৩ এএম

করোনাভাইরাসের উৎপত্তিভূমি চীনের উহান শহরের প্রায় ৫ শতাংশ (প্রায় ৫ লাখ) মানুষ আক্রান্ত হয়ে থাকতে পারে। শহরের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। এ হিসাবে শহরটিতে সরকারি হিসাবের চেয়ে আক্রান্তের সংখ্যা অন্তত ১০ গুণ বলে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন জরিপে উঠে এসেছে।

বিবিসি বলছে, বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত বছরের ডিসেম্বরে প্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে। বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ না থাকলেও ধারণা করা হয়, সেখানকার একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উহানের ৫০ হাজার ৩৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই হিসাবের মধ্যে অবশ্য লক্ষণ ছাড়া আক্রান্তদের গণনা করা হয়নি। ভাইরাসটির উদ্ভব নিয়ে গবেষণা করতে একটি আন্তর্জাতিক দলের উহান পরিদর্শনের আগে নতুন জরিপের এ ফলাফল প্রকাশ করা হলো। পেইচিংয়ের সঙ্গে দীর্ঘ দরকষাকষির পর আগামী মাসে বিজ্ঞানীদের  সফরের কথা চূড়ান্ত হয়েছে।

সিডিসির নতুন জরিপে উহান শহর এবং হুবেই প্রদেশের বৃহত্তর এলাকা, পেইচিং, সাংহাই এবং আরও চারটি প্রদেশ থেকে ৩৪ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়।

এক বিবৃতিতে সিডিসি বলেছে, উহান শহরের প্রায় ৪ দশমিক ৪৩ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে। আর বৃহত্তর হুবেই প্রদেশে দশমিক ৪৪ শতাংশ মানুষের অ্যান্টিবডি রয়েছে।

জরিপে আরও বলা হয়, উহান শহরের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা কম। ১২ হাজার নমুনা পরীক্ষা করে মাত্র দুজন পজিটিভ পাওয়া যায়। ভাইরাসটি ঠেকাতে উহানে ব্যাপক পদক্ষেপ নেওয়ার কারণেই ব্যাপক বিস্তার ঠেকানো সম্ভব হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত