ঢাল নেই তলোয়ার নেই, এ কেমন ‘ওয়ান্ডার ওম্যান’?

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০১:০৬ পিএম

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার— পুরোপুরি এমনটা ভাবলেও ভুল। তারপরও প্রশ্ন থেকে যায়, এ দুটি অস্ত্র ছাড়া তাকে মানায়? অথচ ঠিক এভাবেই ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছবিতে দেখা যায় গল গাডটকে।

সুপারহিরো চরিত্রগুলোকে সাধারণত তাদের বেশভূষা ও অস্ত্রশস্ত্র থেকে আলাদা করা যায় না। সিরিজের প্রথম ছবিতে সেইভাবে দেখা যায় মার্ভেল কমিকসের নারী সুপারহিরোকে। কিন্তু বড়দিনে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তিতে ঢাল-তলোয়ার উধাও। শুধু ম্যাজিক্যাল লেসো বা জাদুকরী দড়ি নিয়ে হাজির তিনি।

সম্প্রতি পুরো বিষয়টি খোলাসা করেছেন গাডট। তিনি বলেন, প্রথম ছবির তুলনায় অনেক বেশি দড়ি ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু যুক্তিসংগত কারণে ঢাল-তলোয়ার এড়িয়ে গেছেন পরিচালক প্যাটি জেনকিনস।  

গল গাডট জানান, নিজেকে যোদ্ধা হিসেবে দেখাতে চায়নি ওয়ান্ডার ওম্যান, সে ছিল শান্তিকামী। এ কারণে ঢাল বা তলোয়ার হাতে দেখা যায়নি আমাজনের প্রিন্সেস ডায়ানাকে। অভিনেত্রী বলেন, এখানে ডায়ানা আক্রমণাত্মক নয়। যুদ্ধ করতেও আসেনি। সে হলো শান্তিরক্ষী। এ ছাড়া সে ভালোভাবে বুঝতে পেয়েছে মানুষ তত খারাপ নয়। আমরা সবাই একই।

এর আগে একক সিনেমা ছাড়াও ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ ও ‘জাস্টিস লিগ’ ছবিতে ঢাল-তলোয়ার হাতে দেখা যায় ওয়ান্ডার ওম্যানকে। যদিও দুই সিনেমার সময়কালের আগের কাহিনি দেখানো হয়েছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-তে। অর্থাৎ, এ ছবিতে শান্তিকামী হলেও পরবর্তীতে ডায়ানার হাতে আবার অস্ত্র উঠেছিল। যা ‘জাস্টিস লিগ’-এর জ্যাক স্নাইডার কাটেও দেখা যাবে। তবে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’তে কী হবে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত