ভঙ্গুর শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে চোখ প্রোটিয়াদের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০১:৪১ এএম

একটি টেস্ট সিরিজ জয় পরম আরাধ্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার জন্য। হোম-অ্যাওয়ে যেখানেই হোকÑ শেষ তিন টেস্ট সিরিজের প্রতিটিতেই হেরেছে তারা। চতুর্থ চেষ্টায় টেস্ট সিরিজ জয়ের খুব কাছে দলটি। শ্রীলঙ্কার সঙ্গে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে আছে প্রোটিয়ারা। জোহানেসবার্গে আজ থেকে দ্বিতীয় টেস্ট ড্র করলেও দুই বছরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে প্রথম দুই দিন শ্রীলঙ্কা খুব ভালোভাবেই ম্যাচে ছিল। কিন্তু ইনজুরি ও ব্যাটসম্যানদের হঠাৎ ছন্দ হারানো সফরকারীদের একেবারে বিপদে ফেলে দিয়েছে। প্রথম টেস্টের একাদশের প্রায় অর্ধেকই দ্বিতীয় টেস্টে থাকছে না। দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কাশুন রাজিথা, লাহিরু কুমারা, ওশাদা ফার্নান্দোর সঙ্গে পেসার সুরঙ্গ লাকমলও জোহানেসবার্গ টেস্টের আগেই ছিটকে পড়েছেন। তাই একাদশ গড়তে ২১ সদস্যের দলের অবশিষ্ট ৭ জন ছাড়াই বাধ্য হয়ে ওয়ান্ডারার্সে নামতে হবে লঙ্কানদের। এর সঙ্গে শ্রীলঙ্কার জন্য চিন্তার কারণ ভেন্যুও। এই মাঠে আগে দুই টেস্ট খেলে দুটিতেই তিন দিনের মধ্যে ইনিংসে হেরেছিল সফরকারীরা।

এ রকম অবস্থায় পূর্ণ শক্তির দল না পাওয়া লঙ্কার জন্য মায়া হচ্ছে দক্ষিণ আফ্রিকা কোচ মার্ক বাউচারের। লঙ্কান দলের কোচ মিকি আর্থারও দক্ষিণ আফ্রিকান। নিজেদের মধ্যে পরিচয়ের সূত্রেই বাউচার বলেন, ‘মিকির জন্য খারাপ লাগছে। আপনার হাতে যখন অপশন কম থাকে তখন নিজের পছন্দমতো দল সাজানো যায় না। এতে পরিকল্পনাও সফল করা যায় না। এমন সময় প্রস্তুতি নেওয়াও কঠিন।’ তবে বাউচারদের জন্যও ভাবনার কারণ আছে। ২০১৯ সালে সেঞ্চুরিয়নে এমন পরিস্থিতিতেই নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ১ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা। কুশল পেরেরার সেই ১৫৩ রানের অনবদ্য ইনিংসে জিতেছিল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত