শ্রীলঙ্কা পৌঁছার পর ইংল্যান্ড স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য মইন আলির শরীরে করোনা ধরা পড়েছে। যদিও ৩৩ বছর বয়সী অলরাউন্ডার করোনা নেগেটিভ ফল পাওয়ার পরই বিমানে চড়েছিলেন।
শ্রীলঙ্কা সরকারের কোয়ারেন্টাইন প্রটোকল অনুযায়ী মইনকে এখন ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
মইনের সংস্পর্শে আসা ক্রিস ওকসকেও দলের অন্য সদস্যদের থেকে আলাদা রাখা হয়ে। পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
লঙ্কানদের বিপক্ষে ১৪ জানুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড।
বিবিসির খবরে বলা হয়েছে, ইংল্যান্ড দল হাম্বানটোটা বিমানবন্দরে পৌঁছার পর সবার পিসিআর টেস্ট হয়। মইনের ফল পজিটিভ আসে।
মঙ্গলবার দলের বাকিদের ফের করোনা পরীক্ষা করা হবে।
ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন মইন। গ্রীষ্মে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেই সময়ে কারো আক্রান্ত হওয়ার খবর আসেনি।
তবে ডিসেম্বরে ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা সফর সংক্ষিপ্ত হয় করোনার হানায়। দুজন ইংলিশ ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর এলেও পরে তা ভুল প্রমাণিত হয়।
ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা সফরের পর পাকিস্তানের নিউজিল্যান্ড সফর, শ্রীলঙ্কা দলের দক্ষিণ আফ্রিকা সফরেও খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ার ঘটনা ঘটেছে। তবে সিরিজে তার প্রভাব পড়েনি।
শনিবার বিকেলে চার্টার্ড ফ্লাইটে লন্ডন থেকে হাম্বানটোটায় পৌঁছে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিমানে ওঠার আগে সকল খেলোয়াড়, কোচিং স্টাফের রিপোর্ট নেগেটিভ এসেছিল।
এই সিরিজটি মূলত গত বছর মার্চে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাব দেখা দিলে সিরিজ স্থগিত হয়, ইংল্যান্ড ক্রিকেট দল দেশে ফিরে যায়।
