শেখ হাসিনার নেতৃত্বে অদম্য উন্নয়নের একযুগ: তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:২৪ এএম

সরকারের যুগপূর্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের একযুগ বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, একযুগ পূর্তিতে সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে গত ১২ বছরে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

বুধবার বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত ‘সচিত্র বঙ্গবন্ধু’ আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্য কমেছে বহুলাংশে, এখন ছেঁড়া কাপড় পরা, খালিপায়ে মানুষ দেখা যায় না, কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। ১২ বছর আগে আমরা বলতাম ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ বিনির্মাণ করব। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ইতিমধ্যেই ক্ষুধাকে জয় করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণপ্রায়, স্বল্পোন্নত থেকে উন্নীত মধ্যম আয়ের দেশে। সমস্ত সূচকে আমরা অনেক আগেই পাকিস্তানকে ও বেশ অনেক সূচকে ভারতকেও অতিক্রম করেছি।’

সেইসঙ্গে ব্যর্থতার প্রশ্নে তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছর পরও একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের দিয়ে রাজনীতি করে, যারা স্বাধীনতাটাই চায়নি। সে কারণেই স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি এবং সেটিই আমাদের ব্যর্থতা।

‘সচিত্র বঙ্গবন্ধু’ অ্যালবামে অনেক দুর্লভ ছবি স্থান পেয়েছে ও বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই ক্যাপশন দেওয়ায় বিদেশিরাও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ধারণের জন্য চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মোড়ক উন্মোচনকালে আরও বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক ও অ্যালবাম সিনিয়র সম্পাদক মো. কামরুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত