অনুমতি ছাড়া ভিডিও ধারণ

সুন্দরবনে পর্যটকদের কাছ থেকে ড্রোন জব্দ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০১:২৯ এএম

অনুমতি ছাড়াই সুন্দরবনে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণের অভিযোগে পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে বন বিভাগ। গতকাল শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় ‘এম ভি টাঙ্গুয়ার হাওর’ নামের পর্যটকবাহী একটি লঞ্চ থেকে ড্রোনটি জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, দুই দিনের অনুমতি নিয়ে শনিবার সকালে শরণখোলা দিয়ে পর্যটকবাহী ওই লঞ্চটি সুন্দরবনে ঢোকে। কিছুদূর যাওয়ার পর লঞ্চে থাকা এক পর্যটক বনের সুপতি এলাকায় ড্রোনটি ওড়ান। এর পরপরই লঞ্চে থাকা বন বিভাগের নিরাপত্তাকর্মীরা ড্রোনটি নিজেদের জিম্মায় নেন। লঞ্চটিতে প্রায় ৫০ জন পর্যটক ছিলেন।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, বনরক্ষীদের মাধ্যমে খবর পেয়ে কটকা এলাকায় পর্যটকবাহী লঞ্চটি থেকে ড্রোনটি জব্দ করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন দুপুরে বলেন, সুন্দরবন একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ। এই পর্যটকরা অনুমতি না নিয়ে ড্রোন ওড়ানোয় বন বিভাগ তা জব্দ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত