সহিংসতা ছড়ানোর অভিযোগে অস্তিত্ব সংকটে ‘পার্লার’

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০৩:৩০ পিএম

সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস পার্লার একে-একে অধিকাংশ প্ল্যাটফর্মে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। গুগলের পর অ্যাপল এবং অ্যামাজন নিষিদ্ধ করেছে অ্যাপটি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আনাগোনা বেশি।

মূলধারার সামাজিক মাধ্যমের বিকল্প ‘বাক্‌স্বাধীনতা সমর্থক’ প্ল্যাটফর্ম হিসেবে ২০১৮ সালে পার্লার প্রতিষ্ঠা করেন জন মাটজি। নিজেকে ‘লিবার্টেরিয়ান’ বলেই দাবি করেন তিনি।

রয়টার্স বলছে, ডান ঘেঁষা অনেক ব্যবহারকারী পাড়ি জমিয়েছে প্ল্যাটফর্মটিতে, গত কয়েক বছরে ট্রাম্প সমর্থকদের পছন্দের জায়গা হয়ে উঠেছে অ্যাপটি।

পার্লার ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন, ধারাভাষ্যকার ক্যান্ডেস ওয়েনস, ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি, ডানপন্থী সক্রিয় কর্মী লরা লুমারের মতো ব্যক্তিরা। শুধু ব্যবহারের দিক থেকে নয়, পার্লারের তহবিলে ডলার দিয়েছেন এমন ট্রাম্প সমর্থকও রয়েছেন।

রক্ষণশীল কর্মী রেবেকা মার্সার নভেম্বরে জানিয়েছেন, তিনি ও তার পরিবার পার্লারের তহবিল জুগিয়েছেন। রেবেকা মার্সারের বাবা রবার্ট মার্সার হেজ-ফান্ড বিনিয়োগকারী বলেই উল্লেখ করেছে রয়টার্স।         

বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে আক্রমণ করার সময়টিতে ট্রাম্প সমর্থকরা সেবাটি ব্যবহার করছিলেন।

সহিংসতায় উসকানি দেয় এমন অ্যাপের বিরুদ্ধে নীতিমালা রয়েছে জানিয়ে গুগল উদাহরণ টেনেছে পার্লারের সাম্প্রতিক কনটেন্টের, যেখানে শুক্রবারও পোস্ট করা হয়েছে ‘আমরা কীভাবে আমাদের দেশ ফিরিয়ে নিতে পারি। প্রায় ২০ বা এইরকম সমন্বিত আঘাত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত