আমার বাবা সবসময় দুর্নীতি থেকে দূরে ছিলেন: রোশান

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১০:৫২ পিএম

চিত্রনায়ক জিয়াউল রোশানের বাবা নূরুল হক আসন্ন পৌরসভা নির্বাচনে আখাউড়া পৌরসভার মেয়র প্রার্থী। রোমানও বাবার নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন।

এ বিষয়ে দেশ রূপান্তরকে রোশান বলেন, ‘বাবার নির্বাচনী প্রচারণার কাজ করছি। বাবা আগেও মেয়র ছিলেন। তিনি খুব জনপ্রিয় ছিলেন তো, এজন্য একটু খুব সাহস নিয়ে বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে পারছি।’

নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে রোশান বলেন, ‘আমি ছোটবেলাতেও আমার বাবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এর আগে তিনি তিনবার ইউপি চেয়ারম্যান ও দুইবার পৌর মেয়র ছিলেন। এটা তার সর্বশেষ নির্বাচন। তো আলহামদুলিল্লাহ রেসপন্স অনেক ভালো পাচ্ছি। ওনার সততা এবং আদর্শের জন্য উনি সবার কাছেই প্রিয়। বাবার কথা যারা বলেন প্রত্যেকে আবেগপ্রবণ হয়েই কথা বলেন। অনেকেই বলেন, এমন সৎ নিষ্ঠাবান মেয়র কোনোকালেই আর আখাউড়াতে আসবে না। এটা আমাদের জন্য একটা গর্বের। বাবা সবসময় দুর্নীতি থেকে দূরে ছিলেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে ওনার দায়িত্ব পালন করে গেছেন। তো তার সন্তান হিসেবে খুব গর্ববোধ করি। শুটিংয়ের ফাঁকে ফাঁকে যতদূর সম্ভব প্রচারণা করছি। আল হামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। আশা করছি বাবা বিজয়ী হবেন।’

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আগমন ঘটে রোশানের। রোশান বর্তমানে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের কাজ করছেন। এর বাইরেও আরও বেশকিছু সিনেমা তার হাতে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত