আড়ানীতে নৌকার প্রার্থীর সভায় বিদ্রোহীর হামলা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১১:৪৬ পিএম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী ও তার সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক তা-ব চালানোর অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে আড়ানী পৌর সদরের তালতলা বাজারে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদের পথসভায় তারা হামলা ও ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এ ছাড়া তালতলা বাজারে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়।

এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ করেছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান। এতে আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নেসহ অন্তত তিনজন আহত হন। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। শহীদুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন। মুক্তার আলী ছাড়াও মামলায় ৫০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এই মামলায় আড়ানীর সাহাপুর এলাকার সাহাবাজ আলীর ছেলে মিলনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শহীদের পথসভার শেষ মুহূর্তে বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র সমর্থক আকস্মিক হামলা চালায়। এ সময় শহীদুজ্জামানের সমর্থকরা পালিয়ে যায়। এরপরই মুক্তার মাইকিং করে তার নিজের সমর্থকদের ডাকেন। জড়ো হয় বেশ কিছু সমর্থক। এ সময় শহীদুজ্জামানসহ উপস্থিত নেতাকর্মীরা আবারও সংগঠিত হয়ে মুক্তারের সমর্থকদের প্রতিরোধের চেষ্টা করেন। মুক্তারের সশস্ত্র কয়েকজন সমর্থক এ সময় ককটেল বিস্ফোরণ করে। দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শাহিদের সমর্থকদের তাড়া করে। ধারালো অস্ত্রের আঘাতে এসময় শহীদুজ্জামানের ভাগ্নে তুষারসহ কয়েকজন আহত হয়। একপর্যায়ে মুক্তারের সমর্থকরা সেখানে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বেশ কিছু দোকানেও ভাঙ্চুর করে তারা। পরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। যারা সন্ত্রাসী কর্মকা- চালিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে আ.লীগের একটি নির্বাচনী অফিস ও নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি নৌকা গত বুধবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম খাঁ বাড়ির মোড়ে অবস্থিত নির্বাচনী ক্যাম্পটির একাংশ বুধবার রাত ১২টার পর কোনো একসময় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত