রূপগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০১:৩৫ এএম

সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আলোচনা সভা করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের নাওড়া এলাকায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে এ সভা হয়।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘তৃণমূল আওয়ামী লীগ সুসংগঠিত থাকলে কেন্দ্রীয় আওয়ামী লীগ শক্তিশালী হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। হরতাল নৈরাজ্য নেই বলে ব্যবসা-বাণিজ্যের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে। আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণ করেছে।’ তাই বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সব নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান রফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত