১৫ জানুয়ারি থেকে সাভারের ডিপজলের শুটিং হাউসে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ চলচ্চিত্রের কাজ। ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথা চিত্রের ব্যানারে এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, জয় চৌধুরী, মৌ খান।
আকবর বলেন, ‘গত বছরটা বেশ খারাপ কেটেছে সবার। চেষ্টা করছি, এ বছরটা যেন গত বছরের ক্ষতি পুষিয়ে তুলতে পারি।’
পরিচালক আরও জানান, শুক্রবার থেকে ডিপজলের শুটিংবাড়িতে মহরতের মাধ্যমে এই সিনেমার দৃশ্যধারণ শুরু হয়। সাভারের ফুলবাড়িয়ার পরে মানিকগঞ্জের সিংগাইরে সিনেমার দৃশ্যধারণ করা হবে বলে নির্মাতা জানান।
শারীরিক অসুস্থতা কাটিয়ে কাজে ফিরেছেন ডিপজল। করোনাকালে বেশ সতর্কতায় কাজ শুরু করলেন তিনি। ডিপজলের নিজের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।
