অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রাপ্তির অনুভূতি পাঠ না করায় সুচন্দার কান্না

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১১:২৮ পিএম

১৭ জানুয়ারি, রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০১৯’ প্রদান অনুষ্ঠান। মহামারির কারণে সীমিত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ১০টায়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ২৬টি শাখায় ৩৩জন শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে পুরস্কার দেওয়া হয়। যৌথভাবে আজীবন সম্মাননা পান অভিনয়শিল্পী সোহেল রানা ও সুচন্দা। সুচন্দার পুরস্কারটি গ্রহণ করেন তার মেয়ে লিসা মালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান প্রমুখ। সবশেষে অনুষ্ঠিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাওয়া সোহেল রানা বক্তব্য দিলেও অসুস্থতার কারণে সুচন্দা আসতে পারেননি। তার মেয়ে লিসা মালিক পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রীর ছোট ছেলে তপু রায়হানও। জানা গেছে, নিজে উপস্থিত হতে পারেননি বলে ছেলে ও মেয়ের হাতে সুচন্দা দিয়েছিলেন একটি চিঠি। যেখানে লিখে দিয়েছিলেন নিজের অনুভূতির কথা। চলচ্চিত্র নিয়ে ভাবনার কথা। কিন্তু সেটা পড়া হয়নি অনুষ্ঠানে সময় স্বল্পতার কারণে। তাই সুচন্দা কষ্ট পেয়েছেন। তিনি ক্ষোভও প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে।

কান্নামাখা কণ্ঠে সুচন্দা বলেন, ‘আমার অনুভূতি পাঠ করা হলো না। আমি যে কেন অনুষ্ঠানে হাজির ছিলাম না সেটা জানতে পারেননি প্রধানমন্ত্রী। জানতে পারেননি দর্শকরাও। বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে। এটা আমার কাছে অপমানের। আমার ছেলে-মেয়েও সেখানে গিয়ে অপমানিত হলো। একটু কী সময় দেয়া যেত না তাদের অনুভূতিটা পড়ে শোনানোর জন্য। অথচ অন্যজন এতো কথা বললেন। চলচ্চিত্র নিয়ে আমারও তো অনেক কথা বলার ছিল।’

‘আয়োজনের সঙ্গে যারা ছিলেন তারা আমাকে কেন এমন অপমান করলেন’- প্রশ্ন ছুড়েছেন ‘জীবন থেকে নেয়া’র নায়িকা সুচন্দা।

তিনি আরও যোগ করেন, ‘আমি অসুস্থ এটা পুরস্কার প্রদানের সঙ্গে জড়িত যারা তারা জানেন। গত সপ্তাহেই আমার বাইপাস হয়েছে। তাদের জানিয়েছিলাম যে আমি চিঠির মাধ্যমে অনুভূতি জানাবো। তাদের সেই চিঠি আগে আগে দেখিয়েও নিয়েছি। আয়োজকরা আমাকে কয়েকবার লেখা ঠিক করে সেটাকে এক পাতার মধ্যে শেষ করতে বলেছিলেন। সেভাবেই আমি লেখাটি তৈরি করেছিলাম। কিন্তু পড়াই হলো না।’

এদিকে এবারের আসরে নিমন্ত্রণই পাননি সুচন্দার ছোট বোন আরেক অভিনেত্রী ববিতা। ২০১৮ সালে এমন আসরেই প্রধানমন্ত্রীর হাত থেকে আজীবন সম্মাননা পুরস্কার নিয়েছেন ববিতা। বোনের সঙ্গে এমন আচরণও মেনে নিতে পারছেন না সুচন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত