অস্ট্রেলিয়া : ৩৬৯ ও ২৫৪
ভারত : ৩৩৬ ও ৪/০
প্রয়োজন : ৯৮ ওভারে ৩২৪
ব্রিসবেন টেস্ট জয়ের সম্ভাবনায় অস্ট্রেলিয়া কি সামান্য এগিয়ে? বৃষ্টি হবে না তো? ভারত যেভাবে খেলেছে গত দুই টেস্টে তাতে শেষ দিনে কি সহজে হার মানবে?
প্রশ্নগুলোর কোনোটিরই উত্তর দিতে পারছেন না বিশেষজ্ঞরাও। ব্রিসবেন টেস্ট জয়ের জন্য ভারতকে সম্ভাব্য ৯৮ ওভারে আরও ৩২৪ রান করতে হবে। অস্ট্রেলিয়াকে নিতে হবে ১০ উইকেট। সিডনিতে শেষ দিনে ৯৭ ওভারে ৩০৯ রানের প্রয়োজন ছিল ভারতের ম্যাচ জয়ের। হাতে ছিল ২ উইকেট। কিন্তু হনুমা বিহারি ও রবিচন্দ্রনের লড়াকু ব্যাটিংয়ে সারা দিন কাটিয়ে সেই টেস্ট ড্র করেছিল (৩৩৪/৫)। ওই দুজন না থাকলেও শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর যে লড়াই উপহার দিয়েছেন প্রথম ইনিংস, ভারতভক্তরা তাতে আশাবাদী হতেই পারেন।
বৃষ্টির কারণে গতকাল প্রায় এক সেশন খেলা হয়নি। বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে ওয়ার্নার-হ্যারিসের ৮৯ রানের উদ্বোধনী জুটির পরও ২৫৪ রানে আটকে রেখেছেন মোহাম্মদ সিরাজের নেতৃত্বে ভারতীয় বোলাররা। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার সিরাজ। প্রথম ইনিংসে ৩ উইকেটের সঙ্গে শার্দুল যোগ করেছেন আরও ৪ উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম জুটিটা তিনিই ভাঙেন ২৫তম ওভারে হ্যারিসকে আউট করে। পরের ওভারেই ওয়ার্নারকে ফিফটি বঞ্চিত করেন ওয়াশিংটন সুন্দর। ৩১ ওভারে জোড়া সাফল্য পান সিরাজ। তৃতীয় বলে তিনি আউট করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেনকে (২৫)। শেষ বলে শূন্য হাতে ফেরান ওয়েডকে। সিরাজই জমে উঠতে থাকা স্মিথ-গ্রিনের জুটি থামান। (১৯৬/৫) ৫৫ রান করা স্মিথকে সিøপে ক্যাচ দিতে বাধ্য করেন। ৩৭ করা গ্রিনকে আউট করেন শার্দুল। প্রথম সিøপে তার ক্যাচ নেন রোহিত। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড গড়েন তিনি। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে তিনটি ক্যাচ নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে নেন দুটি।
২৪২ রানে শার্দুলের বলে টিম পেইনের উইকেট পতনের পর হালকা বৃষ্টি শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই চা-বিরতি দেন আম্পায়াররা। বিরতির পরও কিছুক্ষণ বৃষ্টি চলে। এরপর খেলা শুরু হলে সিরাজ দ্রুত মিচেল স্টার্কের উইকেট তুলে নেন। এরপর নাথান লায়ন আর জশ হ্যাজেলউডের দৃঢতায় তিন শতাধিক রানের লিড নেয় অস্ট্রেলিয়া।
ভারতের ইনিংস শুরু হওয়ার ১১ বল পরে আবার বৃষ্টি নামে। এরপর আর খেলা হয়নি। দিনের ২৩ ওভার বাকি ছিল তখনো। স্থানীয় সময় তখন বিকেল পৌনে ৫টা। তখনো ২৩ ওভার খেলা বাকি ছিল।
গাব্বার ইতিহাসে ২০১৬ সালেও চতুর্থ ইনিংসে ৪৫০ রান তুলেছিল পাকিস্তান। ম্যাচটা যদিও তারা ৩৯ রানে হেরেছিল।
