রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আজ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৩:২৯ এএম

বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীনের একজন ভাইস মিনিস্টার ও মিয়ানমারের পার্মানেন্ট সেক্রেটারি এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবেন। ওই বৈঠকের প্রস্তুতি হিসেবে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন  শুরুর প্রস্তাব বৈঠকে দেওয়া হবে বলে গতকাল পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্রামভিত্তিক অ্যাপ্রোচ যদি আমরা নিই, সেটা বোধহয় মোর প্র্যাকটিক্যাল হবে। পার্টিকুলার এরিয়া থেকে যারা ভেরিফাইড হলো, তাদের যদি ফেরা নিশ্চিত করি, এটাকে যদি আমরা পাইলট হিসেবে গণ্য করি, এভাবে যদি ইউনিট বাই ইউনিট এগোই, তাহলে মোর প্র্যাকটিক্যাল হবে।’

২০১৭ সালের আগস্টের পর প্রায় আট লাখ রোহিঙ্গা রাখাইন থেকে প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসে। এরপর বিভিন্ন পর্যায়ে আলোচনার পর বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ২০১৮ সালে নিউ ইয়র্কে বৈঠক হয়। তবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত