দেশে করোনাভাইরাস সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আটজন করোনা রোগী মৃত্যুবরণ করেছে, যা গত ২৫৭ দিন বা প্রায় সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা। এর আগে গত বছর ৮ মে ২৪ ঘণ্টায় এর চেয়ে কম সাতজন রোগীর মৃত্যু হয়েছিল। তার পরের দিন ৯ মে মারা গিয়েছিল গতকালের সমান আটজন রোগী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন মৃতদের সবাই পুরুষ এবং সাতজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিল। দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছিল গত ৩০ জুন। সেদিন ৬৪ জন রোগীর মৃত্যু হয়েছিল।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৫৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন শনাক্ত ও শনাক্তের হার, দুটোই আগের দিনের চেয়ে কমেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সাড়ে ১৫ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষায় ৪ দশমিক ২৬ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে গত এক সপ্তাহে পাঁচ দিনই ৫ শতাংশের কম হারে রোগী শনাক্ত হয়েছে।
গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ৩১৯তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ১৯৯টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ২৮টি জিন-এক্সপার্ট, ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ও ১১৫টি আরটি-পিসিআর পরীক্ষাগার। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত) ১৫ হাজার ৪১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬১৭ রোগী সুস্থ হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত অ্যান্টিজেন টেস্টসহ ৩৫ লাখ ৬৬৭টি নমুনা পরীক্ষায় ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৭ হাজার ৯৫০ এবং সুস্থ হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৫০ এবং সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের আটজনই পুরুষ। তাদের মধ্যে সাতজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রামের বাসিন্দা ছিল। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৫, ৫১-৬০ বছরের ১, ৪১-৫০ বছরের ১ এবং ৩১-৪০ বছরের ছিল ১ জন। ৮ জনই হাসপাতালে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৬ হাজার ২৬ ও নারী ১ হাজার ৯২৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৮০ ও নারী ২৪ দশমিক ২০ শতাংশ। সর্বোচ্চ ৪ হাজার ৪১৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ৪৫৮, খুলনায় ৫৪৪, রাজশাহীতে ৪৫৪, রংপুরে ৩৫৪, সিলেটে ৩০১, বরিশালে ২৪০ ও সর্বনিম্ন ১৮৬ জন মারা গেছে ময়মনসিংহ বিভাগে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ রোগীকে আইসোলেশনে ও ৩৫৬ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১১ হাজার ২৪ ও কোয়ারেন্টাইনে আছে ৩৬ হাজার ৩২১ জন। সারা দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৩৮১টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ১ হাজার ৯০১টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৯৮টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি ছিল ২২৬টিতে।
