সিঙ্গাপুরে অবস্থানরত অণুজীববিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, টিকা দেওয়ার আগে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিন অপেক্ষা করা উচিত। গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি।
বিজন কুমার শীল বলেন, ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। ১৫ দিন অপেক্ষা করলে তার ফলাফল বোঝা যাবে। দেশের মানুষও ফলটা দেখতে পারে। প্রতিবেশী দেশটিতে এই টিকার প্রভাব ভালো হলে বাংলাদেশের মানুষের দুশ্চিন্তা চলে যাবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি ভারতের টিকা দেওয়ার ফলাফলটা ভালো করে লক্ষ করেন বা তথ্য আদান-প্রদান করেন, তাহলে তারা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন।’
দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে বিজন কুমার শীল বলেন, ‘বাংলাদেশে কাজ করার জন্য যে কাগজপত্র দরকার তা গতকাল সকালে তিনি পেয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন। এখন তারা ওয়ার্ক পারমিট দিলে চলতি মাসে ঢাকা আসতে পারেন।’
ড. বিজন কুমার শীল গণবিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তার নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট উদ্ভাবন করেছে।
