পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের সরকারি খরচে জমিসহ পাকা ঘর তৈরি করে উপহার হিসেবে প্রদান করে বিশ্বে সামাজিক নিরাপত্তার নতুন নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে বাংলাদেশ। আর এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী যে নিরলস ও ধারাবাহিক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন, এটি তারই একটি অংশ।
পররাষ্ট্রমন্ত্রী শনিবার সিলেট সদর উপজেলা মিলনায়তনে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের গৃহহীন ও ভূমিহীনদের বিনামূল্যে বসতঘর দেওয়ার বৃহৎ প্রকল্পের কাজ চলছে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়বে। এই প্রকল্প শেষ হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সরকারি এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান, আশফাক আহমদ, সুজাত আলী রফিক, নিজাম উদ্দিন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলাসহ সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ১৪০৬টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি মালিকদের হাতে তুলে দেয়।
