লুব্রিকেন্ট কোম্পানি ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী মঙ্গলবার কোম্পানিটি আইপিওর সাবস্ক্রিপশন শুরু করবে। চলবে ১ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে যাওয়া কোম্পানির বিডিং শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য সাবস্ক্রিপশনের দিন নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটি পুঁজিবাজারে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। আর কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।
