যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যাম্পে বাংলাদেশ যুবদলের সেই শাকের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০৩:৪১ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এক সময়ের আলোচিত বাঁহাতি স্পিনার শাকের আহমেদ ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

দেশটির টি-টোয়েন্টি ক্লাব টুর্নামেন্টের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নজরকাড়া পারফরম্যান্স করে ৪৪ জনের স্কোয়াডে ঢুকে গেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার।

২৮ বছর বয়সী এই ক্রিকেটার ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামেন। ওই টুর্নামেন্টে মুমিনুল হক এবং সাব্বির রহমানও খেলেছিলেন।

২০০৯ সালে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দল বাংলাদেশে আসলে দারুণ বল করে আলোচনায় আসেন এই শাকের। বাংলাদেশের কাছে সেই সিরিজে কিউইরা হেরেছিল ৫-২ ব্যবধানে। ড্যানিয়েল ভেট্টরির ভক্ত শাকের সিরিজে ১৫ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সেরা বোলার হয়েছিলেন। সফরকারীদের ওই দলের জো রুট, বেন স্টোকস, জস বাটলার এখন বিশ্বসেরাদের তালিকায়।

ক্রিকেট ইউএসএ জানিয়েছে, আগামী মার্চ মাসে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য এই ক্যাম্প থেকে ক্রিকেটার নির্বাচন করা হবে। দলে আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ টেস্ট খেলা নারসিং ডিওনারাইন, যিনি টেস্ট ক্রিকেটে শেষবারের মতো শচীন টেন্ডুলকারকে আউট করেন।

ক্যাম্পটি আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত