‘বঙ্গবন্ধু’র সংগীত পরিচালক শান্তনু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০১:৩৬ এএম

ভারতের প্রখ্যাত মিউজিশিয়ান শান্তনু মৈত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিকের। এই চলচ্চিত্রটির শ্যুটিং তিন দিন আগেই ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে। শান্তনু মৈত্র ব্যক্তিগতভাবেও বঙ্গবন্ধুর অত্যন্ত গুণগ্রাহী। শেখ মুজিবের প্রতি অপরিসীম শ্রদ্ধাবোধও তার এই চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে তাকে। শ্যাম বেনেগালের শেষ দুই ফিচার ফিল্ম ‘ওয়েলকাম টু সজ্জনপুর’ ও ‘ওয়েল ডান আব্বা’র সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন শান্তনু। ২০০৫ সালে বিদ্যা বালান ও সাইফ আলি খান অভিনীত ‘পরিণীতা’ ছবির সুরকার হিসেবে শান্তনু মৈত্র যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তা আজও অক্ষুন্ন। এরপর থ্রি ইডিয়টস, পিকে, লাগে রাহো মুন্নাভাই, রাজনীতি, মাদ্রাজ ক্যাফে, ববি জাসুসসহ অনেক ছবিতে তিনি সুরকার হিসেবে কাজ করেছেন এবং উপহার দিয়েছেন সুপারহিট গান। বাংলা চলচ্চিত্রেও শান্তনু মৈত্রর অবদান কম নয়। ‘অন্তহীন’ বা ‘অপরাজিতা তুমি’র মতো একাধিক বাংলা চলচ্চিত্রের জন্য তিনি সুর দিয়েছেন। শ্রেয়া ঘোষাল এবং এই প্রজন্মের বহু গুণী শিল্পীর সঙ্গে মিলে তৈরি করেছেন অসাধারণ সব বাংলা মাস্টারপিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত