দিল্লি প্রবেশে আন্দোলনরত কৃষকের সামনে ব্যারিকেড

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০২:৩০ এএম

ভারতের কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে আজ আন্দোলনরত কৃষকরা দিল্লিতে ট্রাক্টর র‌্যালি করবেন। র‌্যালি উপলক্ষে গত দুদিন ধরেই দিল্লির সীমান্তগুলোতে ট্রাক্টর নিয়ে জড়ো হতে শুরু করেছিলেন কৃষকরা। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল না করা পর্যন্ত কৃষকরা বাড়ি ফিরবেন না এমন কঠোর পদক্ষেপের বিপরীতে মোদি সরকারের পক্ষ থেকে নেই কোনো নির্দিষ্ট বিবৃতি।

এ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নেতাদের সঙ্গে কৃষকদের ৯ দফায় বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেও তাতে সাড়া দেননি কৃষকরা। অবশ্য এরপর থেকেই শাসকদল কৃষকদের এই নির্দলীয় আন্দোলনকে রাজনৈতিক চরিত্র দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

গত বছর নভেম্বর থেকেই মূলত কৃষকরা রাজধানী দিল্লিতে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের কারণে পুলিশের ব্যারিকেড ভেঙে এখনো কৃষকরা রাজধানীতে প্রবেশ করেননি। তবে আজ ভারতের রিপাবলিক দিবসকে সামনে রেখে বাৎসরিক যে সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠিত হবে, এ প্যারেডকেই উপলক্ষ করতে চাইছেন কৃষকরা। রাজধানীতে প্রবেশের তিনটি মূল সীমান্তে হাজার হাজার ট্রাক্টর দাঁড়িয়ে আছে প্রবেশের অপেক্ষায়।

এদিকে কৃষকদের ট্রাক্টর র‌্যালির প্রতি সমর্থন জানাতে গতকাল মুম্বাই থেকে ১০ হাজারের বেশি কৃষক জড়ো হয়েছেন। মুম্বাইয়ের কৃষকদের অবস্থান নেওয়ার পর কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। কৃষক নেতাদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মিছিল করে দিল্লির মানুষদের নিজেদের কথা বলতে চান। স্বরাজ ইন্ডিয়া পার্টির নেতা যোগেন্দ্র যাদব এএফপিকে বলেন, ‘এবারই প্রথমবারের মতো রিপাবলিক দিবসের র‌্যালিতে কৃষকরা অংশ নেবেন। ব্যারিকেড তুলে দেওয়া হবে যাতে কৃষকরা দিল্লিতে প্রবেশ করতে পারেন তাদের র‌্যালি করতে।’

তবে সরকারের পক্ষ থেকে ব্যারিকেড তুলে দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। সরকার এখনো কৃষকদের দিল্লিতে প্রবেশের বিরুদ্ধে। প্রশাসনের মতে, রিপাবলিক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে কৃষকদের দিল্লিতে প্রবেশ করতে দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে ১২ হাজার ট্রাক্টরকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে সেনাবাহিনীর প্যারেড শেষ হওয়ার পর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত