টাঙ্গাইলের ভূঞাপুরে এক শিশুকে অপহরণ ও হত্যা মামলার রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১ লাখ টাকা করে জরিমানা এবং আরও দুজনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দন্ডিত ব্যক্তিরা হলো জাহাঙ্গীর হোসেন (৩০), গৌতম চন্দ্র আর্য (৩০)। ১০ বছর করে কারাদন্ড পাওয়া দুজন হলো হাসান আলী (১৭) ও মো. সোহেল (১৭)। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শাহানশাহ মিন্টু জানান, ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মাজেদা বেগমের নাতি মাসুদ রানা সয়ন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। আসামিরা সয়নকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে তারা সয়নকে হত্যা করে।
×
