সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতাসহ ৪ জনের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৫:১০ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তাসনিমুল হাসান তানভীর সিকদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চেচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার পূর্ব বড়ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের আবু শামা মোহাম্মদ ইউসুফ সিকদারের ছেলে তানভীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে বাঁশখালী থানার ওসি মো. শফিউল কবির জানান, ছাত্রলীগ নেতা তানভীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গুনাগরি যাচ্ছিলেন। চেচুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া তানভীরের লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২ : গত সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া ও সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবু সায়েদকে (৮০) নিজ বাড়ির সামনে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

অপরদিকে সরাইলের সূর্যকান্দি থেকে পিকআপ ভ্যান নিয়ে চালক হাকিম মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। সূর্যকান্দি তিনরাস্তার মোড়ে আসার পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর হাকিম মারা যান। তিনি সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে।

জামালপুরে ট্রাকচাপায় নিহত ১ : জামালপুরে ট্রাকচাপায় শাহাব উদ্দিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার তিতপল্লা শিমুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহাব সদর উপজেলার শাহবাজপুর চিকারপাড় গ্রামের বাসিন্দা। নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক শাহাব উদ্দিনকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রতিবেদনটিতে প্রতিনিধিদের তথ্য ব্যবহৃত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত