কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, ব্রি ও বিনা উদ্ভাবিত অনেকগুলো ভালো জাত (ধানের জাত) রয়েছে। এগুলো, বিশেষ করে ব্রি-৮৭ ও বিনা-১৬ চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে। এগুলোর চাষ করতে পারলে একই জমি থেকে ধান উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সভায় তিনি এসব কথা বলেন। সভার সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম।
সভায় জানানো হয়, চলমান ২০২০-২১ অর্থবছরের এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৬৮টি প্রকল্পের অনুকূলে মোট ২ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ২৯ শতাংশ। যেখানে জাতীয় গড় অগ্রগতি প্রায় ২৪ শতাংশ। কৃষিমন্ত্রী এ সময় অর্থবছরের বাকি ৫ মাসের মধ্যে বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়ন করার তাগিদ দেন।
কৃষিমন্ত্রী বলেন, ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ব্রি ও বিনা উদ্ভাবিত ধানের জাত থেকে সেরাগুলো বাছাই করে সমন্বিত কর্মসূচির মাধ্যমে দ্রুত কৃষকের কাছে নিয়ে যেতে হবে। সেগুলো জনপ্রিয় করতে হবে। আপনারা (কৃষি বিভাগের কর্মকর্তারা) এটা করবেন। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধানের উৎপাদন বাড়াতে হবে।
মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম সভায় প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, বর্তমান অর্থবছরে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অর্জিত জাতীয় গড় অগ্রগতি অপেক্ষা এ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বেশি হয়েছে। এই ধারা অব্যাহত রাখা ও যথাসময়ে গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের কাজ করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব (পিপিসি) মো. রুহুল আমিন তালুকদার, যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. রেজাউল করিম এবং সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
